news Breaking News
clock
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের অবস্থান, নেতৃত্বে রাহুল ও প্রিয়াঙ্কা

মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের অবস্থান, নেতৃত্বে রাহুল ও প্রিয়াঙ্কা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লিতে তাঁর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিরোধী দল কংগ্রেস। দলটির শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনারও তীব্র প্রতিবাদ জানানো হয়।



মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানানো হয়। গণমাধ্যমের সরাসরি সম্প্রচারে বিকেল পর্যন্ত বিক্ষোভকারীদের অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে দেখা যায়।

রাহুলের অভিযোগ

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী অভিযোগ করেন, শিক্ষার্থী ও তরুণদের ওপর অযৌক্তিক বলপ্রয়োগের জবাবদিহি নিশ্চিত করতেই তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন।

তিনি দাবি করেন, সরকার এ ঘটনার দায় স্বীকার করতে বা সংসদে এ বিষয়ে আলোচনা করতে আগ্রহী নয়। শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিপন্ন করার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তিনি।


প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভ

সোমবার মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা (নিট)-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্ত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজারো শিক্ষার্থী সংসদ অভিমুখে মিছিল বের করেন।

বিক্ষোভ চলাকালে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয় বলে অভিযোগ ওঠে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।


যন্তর-মন্তরে উত্তেজনা

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেলে দিল্লির যন্তর-মন্তর এলাকায় শত শত মানুষ জড়ো হন। তারা সেখানে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়। পুলিশ জানায়, সকাল থেকেই ওই এলাকায় ১৬৩ ধারা জারি ছিল।

এদিকে আন্দোলনকারীদের একাংশের দাবি, পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতদের দেখতে হাসপাতালে যান আন্দোলনের উদ্যোক্তাদের একজন অভিজিত দীপ। তিনি দাবি করেন, আহতদের মধ্যে একজন ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


এনডিএ এমপিদের সঙ্গে বৈঠক মোদির

অন্যদিকে, মঙ্গলবার সকালে এনডিএ জোটের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৈঠকে তিনি এমপিদের তরুণদের সঙ্গে যোগাযোগ করে তাদের উদ্বেগ ও সংশয় দূর করার আহ্বান জানান বলে জানা গেছে। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, গ্রেপ্তার ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং বিষয়টি নিয়ে সরকারের অবস্থান শিক্ষার্থীদের সামনে তুলে ধরার বিষয়েও আলোচনা হয়।


Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by Anonymous

    Good luck Atoz news

    quoto
  • user by আব্দুল আলীম সরকার

    আপনাদের খবরগুলো ভালো

    quoto

Please Accept Cookies for Better Performance