news Breaking News
clock
সংসদমুখী বিক্ষোভে উত্তাল দিল্লি: টিয়ার গ্যাস, লাঠিচার্জ, বন্ধ ৫ মেট্রো স্টেশন

সংসদমুখী বিক্ষোভে উত্তাল দিল্লি: টিয়ার গ্যাস, লাঠিচার্জ, বন্ধ ৫ মেট্রো স্টেশন

ভারতের রাজধানী দিল্লিতে সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন ব্যাপক বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মেডিকেল কলেজে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট (NEET)-এ অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর ডাকা ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।



পুলিশের অনুমতি না থাকা এবং রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি থাকা সত্ত্বেও দলটির প্রায় ২০ হাজার সমর্থক সংসদ ভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। এতে দিল্লির গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারি বৃষ্টির মধ্যেই বিক্ষোভকারীরা যন্তর মন্তর এলাকা থেকে মিছিল শুরু করেন। কর্মসূচির আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সিজেপি দাবি করে, প্রতিকূল আবহাওয়া কিংবা কঠোর নিরাপত্তা ব্যবস্থা তাদের আন্দোলন থামাতে পারবে না।

মিছিলে অংশগ্রহণকারীদের অনেককে রেইনকোট পরিহিত অবস্থায় ভারতের জাতীয় পতাকা ও সংবিধানের কপি হাতে দেখা যায়। এ সময় তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।


পুলিশের সঙ্গে সংঘর্ষ

দিল্লি পুলিশ জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সংসদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে বাধা দেওয়া হয়। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট সেবাও সীমিত করা হয়।


সংসদ ভবনের গেট পর্যন্ত পৌঁছায় মিছিল

ভারতের সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থার ইতিহাসে এবারই প্রথম নতুন সংসদ ভবনের প্রধান ফটক পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল পৌঁছাতে সক্ষম হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। এর আগে সংসদ মার্গ থানার কাছেই অধিকাংশ বিক্ষোভ কর্মসূচি থামিয়ে দেওয়া হতো।

সংঘাতময় পরিস্থিতির মধ্যেও সিজেপি তাদের সমর্থকদের শান্তিপূর্ণ ও অহিংস অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়ে জানায়, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই তারা দাবি আদায়ে বিশ্বাসী।

বন্ধ পাঁচ গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন

নিরাপত্তাজনিত কারণে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) রাজধানীর পাঁচটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এগুলো হলো—

  • রাজীব চক
  • জনপথ
  • প্যাটেল চক
  • সেন্ট্রাল সেক্রেটারিয়েট
  • সেবা তীর্থ

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি এবং যাত্রীদের প্রবেশ ও প্রস্থান বন্ধ রাখা হয়। ফলে বিশেষ করে রাজীব চক ইন্টারচেঞ্জ স্টেশনে হাজারো যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েন। অনেককে বিকল্প পথ ব্যবহার করে গন্তব্যে যেতে হয়।

কী এই ককরোচ জনতা পার্টি?

‘ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ মূলত একটি ব্যঙ্গাত্মক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে। ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত মে মাসে অভিজিৎ দিপকে নামের এক তরুণ এটি চালু করেন।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পাওয়ার পর এটি একটি বৃহৎ সামাজিক আন্দোলনে রূপ নেয় এবং বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ও অধিকারকর্মীদের সমর্থন লাভ করে। যুক্তরাষ্ট্রে প্রায় দুই বছর অবস্থানের পর গত জুনে দেশে ফিরে আন্দোলনের নেতৃত্বে সক্রিয় হন ৩০ বছর বয়সী অভিজিৎ দিপকে।

সোনম ওয়াংচুকের অনশন

আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ২৮ জুন থেকে যন্তর মন্তরে অনশন শুরু করেন বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুক। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে।

হাসপাতাল থেকে পাঠানো এক বার্তায় ওয়াংচুক বলেন, পরীক্ষার প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার অনিয়মের দায় সরকার স্বীকার না করা পর্যন্ত অথবা সংসদে বিষয়টি নিয়ে কার্যকর আলোচনা ও পদক্ষেপের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তিনি অনশন প্রত্যাহার করবেন না।


Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by Anonymous

    Good luck Atoz news

    quoto
  • user by আব্দুল আলীম সরকার

    আপনাদের খবরগুলো ভালো

    quoto

Please Accept Cookies for Better Performance