সুস্থ থাকার জন্য শরীরে পানির ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রীষ্মকালে অতিরিক্ত গরমের কারণে ডিহাইড্রেশনের ঝুঁকি বেড়ে যায়। তাই শুধু বেশি পানি পান করলেই হবে না, বরং এমন কিছু স্বাস্থ্যকর পানীয় খাদ্যতালিকায় রাখা দরকার, যা শরীরকে সতেজ ও শীতল রাখতে সাহায্য করে। এ ক্ষেত্রে ডিটক্স পানীয় হতে পারে দারুণ কার্যকর একটি বিকল্প। সহজে ঘরে তৈরি করা যায় এমন কিছু ডিটক্স পানীয় গরমে শরীরকে হাইড্রেটেড ও প্রাণবন্ত রাখতে সহায়ক হতে পারে।
ডিটক্স পানীয়ের উপকারিতা
ডিটক্স পানীয় মূলত এমন ধরনের পানীয়, যাতে লেবু, শসা, আদা, পুদিনা কিংবা বিভিন্ন ফল ও ভেষজ উপাদান মেশানো থাকে। এগুলো শরীরে পানির ঘাটতি পূরণ, হজমশক্তি উন্নত করা এবং সার্বিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।
গ্রীষ্মকালে ডিটক্স ড্রিংকের মূল কাজ শরীর থেকে ‘জাদুর মতো’ বিষাক্ত উপাদান বের করে দেওয়া নয়; বরং এটি শরীরকে ঠান্ডা রাখা, হাইড্রেটেড রাখা এবং হজমে সহায়তা করে। পাশাপাশি এসব পানীয় শক্তি বাড়াতে, পেট ফাঁপা কমাতে এবং শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতেও ভূমিকা রাখে।
বিশেষজ্ঞদের মতে, কেবল ট্রেন্ড অনুসরণ না করে নিজের শরীরের চাহিদা অনুযায়ী পানীয় নির্বাচন করা উচিত। অতিরিক্ত চিনি বা ভিনেগারের মতো উপাদান বেশি ব্যবহার না করাই ভালো। ডিটক্স পানীয় কখনোই খাবার বা সাধারণ পানির বিকল্প নয়; বরং সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত পানি পানের পাশাপাশি এটি সহায়ক হিসেবে সবচেয়ে কার্যকর।
গ্রীষ্মের জন্য ৫টি ঘরোয়া ডিটক্স পানীয়
লেবু-পুদিনা পানি: ভিটামিন সি সমৃদ্ধ এই পানীয় হজমে সহায়তা করে এবং শরীরকে সতেজ রাখে।
শসা মেশানো পানি: শরীর ঠান্ডা রাখতে ও ফোলাভাব কমাতে এটি বেশ উপকারী।
জিরা পানি: হজমশক্তি বাড়ানো, পেট ফাঁপা কমানো এবং মেটাবলিজম উন্নত করতে সাহায্য করে।
পাতলা আমলকির রস: অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি সমৃদ্ধ এই পানীয় রোগ প্রতিরোধ ক্ষমতা ও ত্বকের জন্য উপকারী।
তুলসি বীজসহ ডাবের পানি: এটি প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট পানীয় হিসেবে কাজ করে এবং ডিহাইড্রেশন প্রতিরোধে সহায়ক।
গরমে হাইড্রেটেড থাকার কিছু সহজ উপায়
- পানি পানের অভ্যাস বাড়াতে ফোনে ওয়াটার রিমাইন্ডার অ্যাপ ব্যবহার করতে পারেন।
- পানিতে চিনি ছাড়া বিভিন্ন প্রাকৃতিক ফ্লেভার যোগ করলে তা পান করতে আরও ভালো লাগবে।
- লেবু, কমলা, আনারস বা বেরির মতো ফল পানিতে মিশিয়ে স্বাদ বাড়ানো যায়।
- আইসড টি, গ্রিন টি কিংবা ব্ল্যাক টি পান করেও শরীরে তরলের ঘাটতি পূরণ করা সম্ভব।
- খাবারের আগে এক গ্লাস পানি পান করলে শরীরে পানির পরিমাণ বাড়ে।
- তরমুজ, আঙুর, কমলা, গাজর, লেটুস, বাঁধাকপি ও পালং শাকের মতো পানি সমৃদ্ধ ফল ও সবজি বেশি খেতে হবে।
- সবসময় সঙ্গে পানির বোতল রাখার অভ্যাস করুন এবং রাতে ঘুমানোর সময় বিছানার পাশেও পানি রাখুন।
গ্রীষ্মকালীন ডিটক্স পানীয় শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি হজমে সহায়তা করে এবং শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এছাড়া এগুলো শক্তি বৃদ্ধি, পেট ফাঁপা কমানো ও ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতেও কার্যকর। তাই গরমের সময়ে নিয়মিত এসব স্বাস্থ্যকর পানীয় পান করার অভ্যাস গড়ে তুলতে পারেন।
